
বৃহস্পতিবার মুক্তির আগে ধূমকেতুর সাফল্য কামনায় নৈহাটির বড়মা-র মন্দিরে পুজো দিয়েছেন দেব-শুভশ্রী। বুধবার সকালে লাল পাঞ্জাবিতে দেব আর লাল শাড়িতে শুভশ্রী বড়মা মন্দিরে পৌঁছতেই বাধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায় নৈহাটির স্টেশন চত্বরে।
অনেক বছর পর পুরনো জুটিকে চাক্ষুস দেখতে ঢল নামে বড়মার মন্দিরের সামনের রাস্তায়। মন্দিরের ছাদে উঠে দর্শকদের উদ্দেশে হাতও নাড়তে দেখা যায় দেব-শুভশ্রীকে। বড়মাকে পুজো দেওয়ার পাশাপাশি আরতিও করেছেন তারা। দেব-শুভশ্রীর সঙ্গে ছিলেন ছবির ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকও। মুক্তির আগে কোনও বাংলা সিনেমা নিয়ে এমন উন্মাদনা দেখা যায়নি বহুদিন। হু হু করে শেষ হচ্ছে অগ্রিম বুকিংয়ের টিকিট। বলিউড সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে শো পাচ্ছে ধূমকেত। ৯ বছর এই জুটিকে একসঙ্গে আর কাজ করেনি। একটা সময় প্রেমের সম্পর্ক ছিল দুজনের। কিন্তু সেই সম্পর্ক আর এগোয়নি। এরইমধ্যে শুভশ্রী বিয়ে করেছেন রাজ চক্রবর্তীকে। দেব-র জীবনে এসেছেন রুক্মিণী মৈত্র। ধূমকেতু-র পর আর একসঙ্গে সিনেমাও করেননি দেব-শুভশ্রী।
তাঁদের কেমিস্ট্রিকে এখনও মিস করে দর্শক। ৯ বছর পর সিনেমায় দেব-শুভশ্রীর কেমিস্ট্রি দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।
