
ভোররাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত আনন্দপুরের নাজিরাবাদের জোড়া গুদাম। জানা গিয়েছে ডেকরেটার্সের গুদাম থেকে আগুন ছড়িয়েছে খাবার ডেলিভারি সংস্থার গুদামে।
গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আগুন লাগার পর থেকে এখনও খোঁজ নেই ৬ জনের। এদের অনেকের ফোন বন্ধ অবস্থায় রয়েছে। কারও আবার ফোন বেজে যাচ্ছে। সবমিলিয়ে আতঙ্কে ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন পরিবারের লোকজন। ঘটনাস্থলে গিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। কথা বলেন দমকল আধিকারিকদের সঙ্গে। মন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। প্রায় ১২ ঘণ্টা পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার রয়েছে। যে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার গুদামে আগুন লেগেছে সেখানে প্রচুর পরিমাণে সফট ড্রিকস, খাদ্য সামগ্রী মজুত ছিল বলে জানা গিয়েছে। এছাড়া তেল, দাহ্য পদার্থ, গ্যাস সিলিন্ডারও মজুত ছিল। আগুনের তাপে দমড়ে মুচড়ে গিয়েছে টিনের শেড। গ্যাস কাটার নিয়ে ভিতরে ঢুকেছেন দমকলকর্মীরা। জানা গিয়েছে রবিবার ভোররাতে প্রথমে ডেকোরেটার্সের গুদামে আগুন লাগে, সেই আগুন ছড়ায় পাশের ফুড ডেলিভারি সংস্থার গুদামে।
খবর পেয়ে দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঠিক কিভাবে আগুন তা স্পষ্ট নয়।
