
আবারও আমেরিকার লস অ্যাঞ্জেলেসের উত্তরের বিস্তীর্ণ এলাকায় বিধ্বংসী দাবানলে আতঙ্ক ছড়িয়েছে। পালিসেডেস এবং ইয়াটনের পর এবার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক হ্রদ-সংলগ্ন এলাকা।
ইতিমধ্যেই ৩০ হাজারেরও বেশি মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।লস অ্যাঞ্জেলেস থেকে উত্তরে প্রায় ৩৫ মাইল দূরে সান্টা ক্ল্যারিটা শহরের কাছে কাস্টাইক হ্রদ। হ্রদের আশপাশের এলাকা জুড়ে বহু মানুষের বাস। সূত্রের খবর, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৮ হাজার একর বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। দমকা হাওয়ার কারণে আরও দ্রুত ছড়াচ্ছে আগুন। শুষ্ক এবং দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। সেই আবহে এলাকার সমস্ত বাসিন্দাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। যে কোনও মুহূর্তে বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে সাময়িক ভাবে প্রয়োজনীয় ওষুধপত্র, মূল্যবান সামগ্রী এবং পোষ্যদের নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হতে পারে তাদের।
ওয়েস্ট কোস্ট এলাকায় বন্ধ হয়ে গিয়েছে মূল সড়কের একাংশ। ফলে সড়কপথে ব্যাপক যানজটের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। কাস্টাইকের পিচেস জেলের জন্যও জারি হয়েছে সতর্কতা।








