
বহু দ্বন্দ্ব-টানাপোড়েনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে তৃতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস।উপমুখ্যমন্ত্রী পদে শেষ মুহূর্তে জটের জাল ছিন্ন করে শপথ নিয়েছেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে।
উপমুখমন্ত্রী হয়েছেন এনসিপি-র অজিত পাওয়ারও। বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানে তাদের শপথবাক্য পাঠ করিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন।এদিন দেবেন্দ্র ফড়ণবিসের শপথ অনুষ্ঠান ঘিরে ছিল চাঁদের হাট।শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। অনুষ্ঠানে গান গেয়ে সকলকে মুগ্ধ করেছেন শিল্পী কৈলাস খের। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথের আগে, দেবেন্দ্র ফড়ণবিসের বাড়িতে হয়েছে গৌপুজো। মুম্বাদেবীর মন্দিরেও পুজো দিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস। শপথ গ্রহণের পর দেবেন্দ্র ফড়ণবিস মহারাষ্ট্রবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, তিনি জনগণের আস্থার প্রতিদান দেওয়ার জন্য নিরলস কাজ করবেন। উন্নয়ন ও সুশাসনই মহাজুটি সরকারের একমাত্র লক্ষ্য। এই জোট মহারাষ্ট্রের মানুষের জন্য কাজ করবে এবং নতুন দিশা দেখাবে।
অন্যদিকে উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, মহাজুটি জোট মহারাষ্ট্রের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ। উন্নয়ন এবং সুশাসন বজায় রাখাই তাদের অগ্রাধিকার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস অভিজ্ঞ নেতৃত্বে মহারাষ্ট্রের নতুন দিগন্ত খুলবে।
