
নন-ফিকশন থেকে রিয়ালিটি শো, সবটাই নতুন ফরম্যাটে। ইতিমধ্যেই রান্নাঘর-এর ব্যাটন কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বিশ্বনাথ বসুর হাতে গিয়েছে। দিদি নম্বর ওয়ান-এরও দিদি বদল ঘটেছে।
রচনা বন্দ্যোপাধ্যায়ের সিংহাসনে বসতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এসবের মাঝেই সংশ্লিষ্ট চ্যানেলের আরেক জনপ্রিয় রিয়ালিটি শো নিয়ে দর্শকমহলে উন্মাদনার পারদ তুঙ্গে। কারণ মাসখানেক ধরেই সেলেব পাড়ার অন্দরে ফিসফাস, প্রিন্স অফ ক্যালকাটা’র পরিবর্তে নাকি এবার থেকে টেলিভিশনের পর্দায় দাদাগিরি করতে দেখা যাবে দেবকে।এবার সেই জল্পনায় সিলমোহর দিয়েই নতুন গুগলি ছুড়লেন টলিউড সুপারস্টার।এপ্রিল মাসের শেষ নাগাদ কলকাতার অলি-গলি থেকে গঙ্গার ঘাটে নতুন বাংলার নতুন দাদাগিরির প্রোমো শুট করেছিলেন দেব। কিন্তু সেসময়ে কাকপক্ষীতেও টের পেতে দেননি। এযাবৎকাল প্রিন্স অফ ক্যালকাটার দাদাগিরিতে মুগ্ধ হয়েছেন বাঙালি। কারণ ক্রিকেটের ময়দান হোক বা দর্শকে ভরা প্রেক্ষাগৃহের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব, সবেতেই স্বাতন্ত্র্য বজায় রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার দাদাগিরি সঞ্চালনায় রদবদল। কারণ দাদাগিরির মঞ্চ মাতানোর পর এবার বাংলার বিগ বস সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন মহারাজ। তখন থেকেই দর্শকমনে কৌতূহল যে, এবার তাহলে কাকে দাদাগিরি করতে দেখা যাবে? একমাসব্যাপী জল্পনার পর এবার শেষমেশ পর্দায় দাদা হিসেবে আত্মপ্রকাশের খবরে সিলমোহর দিয়েছেন দেব। সাতসকালে ইনস্টা স্টোরিতে একটি পোস্ট করেছেন দেব। যেখানে আলো আঁধারিতে টলিউড সুপারস্টারের অবয়ব স্পষ্ট। ক্যাপশনে উল্লেখ, নতুন সফর, নতুন শুরু। খুব শীঘ্রই আসছে…। আর সেই পোস্ট নিয়েই আপাতত সরগরম সোশাল পাড়া।
একাংশ যদিও সৌরভের লিগ্যাসি’র কথা মনে করিয়ে দিয়েছেন, তবে দেব ফ্যানদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। কেউ বা আবার সুপারস্টারের বাচনভঙ্গী নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন! এবার দাদাগিরি’র নতুন প্রোমো উন্মোচনের অপেক্ষা। সেখানে গুগলি মহারণে কেমন চমক দেন দেব? সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীকুল।
