
দেশ জুড়ে বিমানবিভ্রাটের জেরে ইন্ডিগোকে ২২.২০ কোটি টাকা জরিমানা করল উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। সূত্রের খবর, কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে কয়েকজন ঊর্দ্ধতন আধিকারিকের বিরুদ্ধেও।
ইন্ডিগোর সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে তার দায়িত্ব থেকে অপসারণ করা হতে পারে। ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ কোনও পদে তাঁকে না বসানোরও নির্দেশ দিয়েছে উড়ান নিয়ন্ত্রক সংস্থা। অন্যদিকে, নতুন ISRAS স্কিম অনুযায়ী ইন্ডিগোকে ৫০ কোটি টাকা জামানত রাখতে বলেছে ডিজিসিএ।
উল্লেখ্য, ডিসেম্বরের শুরুতে দেশজুড়ে ব্যাহত হয়েছিল ইন্ডিগোর বিমান পরিষেবা। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলে এই অচলাবস্থা। চরম ভোগান্তির শিকার হন হাজার হাজার যাত্রী। সেই ঘটনার তদন্তের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গড়েছিল ডিজিসিএ। খবর সেই রিপোর্টে ইন্ডিগোর বিরুদ্ধে কড়া ব্যবস্থার সুপারিশ করা হয়।









