
চারদিন পর বাণিজ্য শুরু হলেও ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী মৈত্রী এক্সপ্রেস এখনও চালু হয়নি। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, ২৭ জুলাই, শনিবার কলকাতা থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস বাতিলই থাকবে।
বাংলাদেশের তরফে পাওয়া বার্তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল।রেল জানিয়েছে, শনিবার কলকাতা থেকে রওনা হওয়ার কথা ছিল ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের। একই দিনে ঢাকা থেকে রওনা হওয়ার কথা ছিল ১৩১১০ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসের। ওই ট্রেন বাতিল করা হয়েছে। কলকাতার বিশেষ টিকিট কাউন্টারে টিকিটের দাম ফেরত পাবেন যাত্রীরা। কোনও যাত্রী টিকিট হারিয়ে ফেললে টাকা ফেরত পাবেন না। বিদেশি যাত্রীদের প্যাসেঞ্জার রিজ়ার্ভেশন সিস্টেম-এর কাজের সময় টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।কোটা সংস্কারের দাবিতে সম্প্রতি উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ। তার জেরেই ১৯ জুলাই এই মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনার মধ্যে যাতায়াতকারী বন্ধন এক্সপ্রেস বাতিল করে শেখ হাসিনার সরকার। বাংলাদেশের পরিস্থিতি আগের থেকে কিছুটা ভাল হলেও চালু করা হল না মৈত্রী এক্সপ্রেস।
