
ফাঁসির সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এবার দেশে ফেরাতে চেয়ে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, হাসিনাদের ফেরাতে ইন্টারপোলের সাহায্যের কথা ভাবছে ইউনূস প্রশাসন। কী ভাবে এই সাহায্য চাওয়া যায়, তার পরিকল্পনাও চলছে।উল্লেখ্য,২০২৪ সালের জুলাই-অগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ। অভিযোগ, সেই সময় ওই আন্দোলন কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান। তবে আন্দোলনের তেজ এতটাই ছিল যে, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। তার পরেই বাংলাদেশ ছাড়েন তিনি। সেই থেকে ভারতেই রয়েছেন শেখ হাসিনা। শুধু তিনি একা নন, স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন আসাদুজ্জামানও।তাঁরা দেশে না-থাকলেও তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের শুনানি হয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে।সওয়াল-জবাব, সাক্ষ্যগ্রহণের পর সোমবার হাসিনাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের আদালত।সাজা ঘোষণার পর থেকেই হাসিনাদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয় সে দেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে হাসিনাদের ফেরত দেওয়ার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়।শুধু তা-ই নয়, দু’ দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রত্যপর্ণ চুক্তির কথাও নয়াদিল্লিকে মনে করিয়ে দিয়েছে ঢাকা। বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনও দেশ যদি আশ্রয় দেয়, তবে তা ,অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হবে, যা ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।
পাল্টা হিসাবে ভারতের বিদেশ মন্ত্রকও জানিয়েছে, হাসিনাদের সাজা ঘোষণা সম্পর্কে অবগত।ভারত সবসময় বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষেই প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাদের প্রত্যর্পণ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে চিঠিও দেবে মুহাম্মদ ইউনূস প্রশাসন।
