
ককরোচ জনতা পার্টি,সিজেপি-র আন্দোলনকে সমর্থনে বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কলকাতার রাজপথে। শুক্রবার সন্ধ্যায় ধর্মতলার মোড়ে পুলিশ এবং আন্দোলনকারীর মুখোমুখি সংঘর্ষ শুরু হয়,কিছু ক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো, বোতল ইত্যাদি ছোড়েন আন্দোলনকারীরা। লাঠি চালায় পুলিশ। খানিক পরে পরিস্থিতি সামলাতে র্যাফ নামায় প্রশাসন। পড়ুয়াদের মিছিল থেকে এমন বিশৃঙ্খল পরিস্থিতি সামলাতে জলকামান ছোড়ে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল-ও ফাটানো হয়। সন্ধ্যা ৬টা নাগাদ অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলার ব্যস্ত রাস্তাগুলো। ডোরিনা ক্রসিংয়ের সামনে ভিড় জমান বিক্ষোভকারীরা। তাঁদের রানি রাসমণি অ্যাভিনিউ-র দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ।এর আগে, শুক্রবার দুপুর থেকে কলকাতার রাজপথে বাঁধভাঙা ছাত্র মিছিল দেখা যায়। মেডিক্যাল প্রবেশিকা ,নিট-র মতো পরীক্ষাগুলোয় স্বচ্ছতা ফেরানো এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শুরু করে বাম ছাত্র সংগঠনগুলি। মিছিল শুরু হওয়ার খানিক ক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠতে থাকে পরিস্থিতি। যদিও সংঘর্ষে পুলিশ-প্রশাসন কিংবা বিক্ষোভকারীদের কেউ আহত হয়েছেন কি না, সেই তথ্য মেলেনি। অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় থেকে এসএফআই, এআইডিএসও, আইসা-র মতো বাম ছাত্র সংগঠনগুলি এই মিছিলের ডাক দিয়েছিল।
নিট কেলেঙ্কারি সংক্রান্ত পোস্টার, ব্যানার নিয়ে ধর্মতলার পর্যন্ত মিছিল নির্বিঘ্নে হলেও ডোরিনা ক্রসিংয়ে তা পৌঁছনোর পরই ধুন্ধুমার শুরু হয়।পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল ছোড়া হয়। হয় ইটবৃষ্টিও। এরপরই এই মিছিলে বহিরাগতদের ঢুকে পড়ার অভিযোগ ওঠে।
