
মন্ত্রিত্বে ইস্তফা দেওয়ার পর সোমবারই প্রথম সংসদে গিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। ওড়িশার সম্বলপুর কেন্দ্রের বিজেপি সাংসদ গাড়ি থেকে নামতেই সংসদ চত্বরে তাঁকে স্বাগত জানান বিজেপির বেশ কয়েক জন সাংসদ। তাঁর মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
প্রধান জিন্দাবাদ স্লোগানও ওঠে। দলীয় সহকর্মীরাই ধর্মেন্দ্রকে সংসদের ভিতরে নিয়ে যান।সংসদের মকর দ্বার দিয়ে ধর্মেন্দ্র প্রধান যখন ভিতরে ঢুকছেন, তখন তার অনতিদূরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী সাংসদেরা। তাঁদের জমায়েত থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ভোটচুরি, পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ তোলা হয়। বিরোধী সাংসদদেরা এই অভিযোগ তোলেন যে, পড়ুয়াদের শান্তিপূর্ণ প্রতিবাদে দমনপীড়ন চালিয়েছে পুলিশ।
এই বিষয়ে দায় স্বীকার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলে জানান তাঁরা। উল্লেখ্য,নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই ধর্মেন্দ্রের পদত্যাগের দাবি জানিয়েছিল ককরোচ জনতা পার্টি,সিজেপি। বলা হয়েছিল, মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনও শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবে না। এ বিষয়ে কোনও বোঝাপড়া চলবে না। দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে। এর আগে সিজেপি-র প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনার আগে ইস্তফা দেওয়ার কথা জানান দেশের তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র। তাঁর স্থলাভিষিক্ত হন প্রহ্লাদ জোশী।
