
নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মিরা নায়ারের ছেলে জোহরান মামদানির ভাষণ শেষেই বেজে উঠেছে বলিউডের জনপ্রিয় ধুম মাচালে গানটি।
ইতিহাস গড়ে আমেরিকার নিউইয়র্ক প্রদেশের মেয়র নির্বাচিত হতেই প্রেসিডেন্ট ট্রাম্প কে চ্যালেঞ্জ ছুঁড়ে মামদানি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প-আপনাকে চারটি শব্দ বলার আছে, নিজের গলার ভলিউম বৃদ্ধি করুন। আমেরিকার রাজনীতিতে বামঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত মামদানি। আফ্রিকা মহাদেশের উগান্ডায় জন্ম হলেও তিনি ভারতীয় বংশোদ্ভূত। তাঁর পিতা উগান্ডার খ্যাতনামী লেখক মাহমুদ মামদানি। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতা মামদানি নিউ ইয়র্কের প্রার্থী হওয়ার পর থেকেই তাঁকে বিভিন্ন ভাবে নিশানা করে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁকে ১০০ শতাংশ উন্মাদ কমিউনিস্ট বলেও কটাক্ষ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কমিউনিস্ট প্রার্থী মামদানি ভোটে জিতলে নিউ ইয়ক সিটির জন্য আমেরিকার কেন্দ্রীয় সরকারি অনুদান বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের এই ধারাবাহিক আক্রমণের পরেও নিউ ইয়র্কের মেয়র পদের জন্য নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি।
নিউ ইয়র্ক থেকে মামদানির বিপরীতে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কুর্টিস স্লিওয়া। দাঁত ফোটানোর সুযোগ পাননি তিনি। পেয়েছেন ১০ শতাংশেরও কম ভোট।







