
কাঞ্জনজঙ্ঘাকাণ্ডের পর এবার উত্তরপ্রদেশের গোণ্ডায় ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ জন।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়েছে।গোন্ডা ও মনকাপুরের মাঝে জিলাহী স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের একটি বাতানুকূল কামরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিং বলেছেন, কী ভাবে এই ঘটনা ঘটল তা তদন্তসাপেক্ষ। তিন-চার জন মারা গিয়েছেন বলে জানতে পেরেছেন। উদ্ধার করে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।প্রাথমিকভাবে গিয়েছে, এদিন দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। এরপরেই বেলাইন হয়ে যায় একের পর এক কামরা। একাধিক বাতানুকূল কামরা লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন। উত্তরপ্রদেশ সরকারের তরফে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল।দুর্ঘটনার পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। এই দুর্ঘটনার পর বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তিত হয়েছে।অন্যদিকে, তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র দুর্ঘটনার জন্য রেল মন্ত্রককে দায়ী করেছেন।
