
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেষ ফোনালাপে ইউক্রেনে যুদ্ধ অবসানের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। অন্যদিকে, ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে নিজের লক্ষ্য অর্জনের ব্যাপারে অনড় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।এদিকে বলা হচ্ছে ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত অবসানে আমেরিকার নেতৃত্বাধীন শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে।
এ অবস্থায় ওয়াশিংটন কিয়েভের জন্য অস্ত্র সরবরাহও সাময়িকভাবে স্থগিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছেন, এটি বেশ দীর্ঘ ফোনালাপ ছিল। তাঁরা অনেক বিষয়ে কথা বলেছেন, যার মধ্যে ইরান ও ইউক্রেন যুদ্ধও ছিল। কিন্তু তিনি ইউক্রেন বিষয়ে সন্তুষ্ট নন।যুদ্ধ অবসানে চুক্তির কাছাকাছি পৌঁছেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের প্রেসিডেন্ট ট্রাম্প জবাবে বলেছেন, না, পুতিনের সঙ্গে কোনো অগ্রগতি হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হতাশাজনক মন্তব্য আগের ফোনালাপগুলোর প্রতিক্রিয়ায় ছিল না।
জানুয়ারিতে ক্ষমতায় গ্রহণের পর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে পাঁচবার ফোনালাপ হয় মার্কিন প্রেসিডেন্টের। সবগুলো নিয়েই আশাবাদী সুরে কথা বলেছিলেন তিনি।তবে সম্প্রতি রুশ নেতার প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের হতাশা বেড়েছে। ইরান-ইসরায়েল সংকটে মধ্যস্থতার জন্য প্রেসিডেন্ট পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ইউক্রেন যুদ্ধের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।



