
জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের আগে সেজে উঠেছে সৈকত নগরী দিঘা। এমনিতেই দিঘা পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে একেবারে প্রথম দিকে রয়েছে।
এবার নতুন পালক যোগ হয়েছে জগন্নাথ দেবের মন্দির। আর তাতেই অর্থনীতির আমুল পরিবর্তনের আশায় রয়েছেন সেখানকার হোটেল ব্যবসায়ী থেকে অন্যান্য পেশার মানুষজন। ২৯ এপ্রিল দিঘার জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্রে যজ্ঞের অনুষ্ঠান হবে। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকবেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পপতি, শিল্পীরা। জমকালো অনুষ্ঠান দেখার জন্য ১২ হাজারের দর্শকের আসন তৈরি করা হয়েছে। এছাড়াও প্রতিটি ব্লক এবং পুর এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর জন্য প্রশাসনকে ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুণ্যার্থীদের জন্য ১৪টি স্নানঘাটে থাকছে কড়া নিরাপত্তা।
ভিড়ের জেরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এনডিআরএফ টিমও প্রস্তুত থাকবে। পাশাপাশি রাজ্যের আবেদনে সাড়া দিয়ে ২৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত রোজ দুটো বাড়তি ট্রেন চালানোর ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেল। এদিকে মন্দির উদ্বোধনের আগে বুধবার থেকে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন আচার অনুষ্ঠান। শুক্রবার সেই ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অক্ষয় তৃতীয়ায় উদ্বোধনের আগে যেভাবে ভক্তদের ঢল নেমেছে তাতে বোঝাই যাচ্ছে না এরাজ্যে জগন্নাথদেবের প্রতিষ্ঠা নিয়ে খুশি সাধারণ মানুষ।








