
ধর্ষণ মামলায় আপাতত পুলিশ হেফাজতে যেতে হচ্ছে বিষ্ণুপুরের এবারও নির্বাচনে জেতা তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলকে।
বৃহস্পতিবার আলিপুর আদালতে রাজ্যের প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ, হুমকি সহ ১২টি মামলার অভিযোগ দায়ের করে পুলিশ। সেখানে বিচারক হুমকি সহ বাকি ১১টি মামলায় তৃণমূল বিধায়ক-কে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন। কিন্তু, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ধর্ষণ মামলায় দিলীপ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ জরুরি বলে পুলিশ ও সরকারি কৌঁসুলি আদালতে দাবি করায়, তাঁকে ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপরই এখনও পর্যন্ত শপথ না নেওয়া তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য বিষ্ণুপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, বুধবারই পুরীর ব্লু লিলি হোটেল থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পলাতক বিধায়ককে গ্রেফতার করে। রাতেই তাকে ট্রানজিট রিমান্ডে বিষ্ণুপুর থানায় নিয়ে আসা হয়। এর আগে হুমকি মামলায় পুলিশি তল্লাশির ঠিক আগে বিষ্ণুপুরের বাড়ি থেকে পালিয়ে যান তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল।
পুলিশ আগ্নেয়াস্ত্র সহ তাঁর পুত্রকে গ্রেফতার করলেও। এতদিন গা ঢাকা দিয়েছিলেন তৃণমূলের এবারও নির্বাচনে জয়ী দিলীপ মণ্ডল।





