
রাজ্য বিজেপির দায়িত্ব নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করে ১৫ দিনে ঐক্যবদ্ধ বিজেপির ডাক দিয়েছেন শমীক ভট্টাচার্য। কদিন আগে আনুষ্ঠানিকভাবে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বভার নিয়েছেন শমীক ভট্টাচার্য।
কিন্তু সেদিন বিজেপি দফতরের ধারেকাছে ছিলেন না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার সেই দিলীপ ঘোষই সল্টলেকে বিজেপির অফিসে শমীক ভট্টাচার্য-র সঙ্গে দেখা করেছেন। দুজনের মধ্যে বেশকিছুক্ষণ কথা হয়। এরপর দলীয় কর্মী সমর্থকদের সামনে সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন এখানে সবাই বিজেপি। প্রতীক একটাই পদ্মফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে তার মানে এই নয় যে সে দলের বাইরে চলে গিয়েছেন। উদ্বোধনের দিনেই দিঘার জগন্নাথ মন্দির দর্শন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকেই কার্যত কোনঠাসা হয়ে পড়েন দিলীপ ঘোষ। কদিন আগে ২১ তারিখ বড় চমকের কথা বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। এহেন দিলীপ ঘোষ মঙ্গলবার শমীক ভট্টাচার্য-র সঙ্গে সাক্ষাতের পর বলেছেন নতুন রাজ্য সভাপতির নেতৃত্বে লড়াই করবেন। তাঁর নেতৃত্বেই সব পরনো কর্মীরা মিলে নবান্নে পৌঁছবেন।
প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও বলেছেন জল্পনা, কল্পনায় নয়, বাস্তবে বিশ্বাস করেন। একুশে সাফ হয়নি, ছাব্বিশে হয়ে যাবে।








