
দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক মমতা ভুঁইয়ার ছেলে কুমারেশ ভুঁইয়া-কে। তিনি দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদেও ছিলেন।
রবিবার রাতে কুমারেশ ভুঁইয়াকে গ্রেফতার করে দাসপুর থানার পুলিশ। গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং কুমারেশ ভুঁইয়াকে নিশানা করে চোর চোর স্লোগান দেন।বিজেপির দাবি, তৃণমূল জমানায় দাসপুরের নাড়াজোল কলেজের একটি ঘর কুমারেশ ভুঁইয়ার জন্য বরাদ্দ করা হয়েছিল। অভিযোগ, সেই ঘর থেকেই এলাকায় বিভিন্ন দুর্নীতিমূলক কাজ এবং তোলাবাজির নেটওয়ার্ক চালানো হত। যদিও এই সমস্ত অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এদিকে, তোলাবাজির অভিযোগে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির আসানসোল ব্লক সভাপতি রাজু অহলুয়ালিয়াকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সোমবারই আসানসোল আদালতে হাজির করানো হয়েছে রাজুকে।
আদালতে প্রবেশের সময় ধৃত দাবি করেছেন, রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় এবং তৃণমূল কর্মীদের একটি সূত্র বলছে, ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ঘনিষ্ঠ।








