
এবার ডিম বিক্ষোভ নবদ্বীপে। সেখানকার পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ডিম। চোর চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
তোলাবাজি, দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বিমানকৃষ্ণ সাহাকে। ৭ দিনের পুলিশ হেফাজত শেষে শনিবার নবদ্বীপ আদালতে বিমানকৃষ্ণকে তোলা হলে ডিম ছোড়ে বিক্ষোভকারীরা। অন্যদিকে এবার সরকারি বালতি চুরির অভিযোগে তৃণমূলের ২ প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীরামপুর রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পার্টি অইফসে বালতি, সাদা থান মশারি মজুতের অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়ায় প্রাক্তন দুই প্রধান মোহন মণ্ডল এবং বিষ্ণু মণ্ডলের। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় দুই তৃণমূল নেতাকে।
এদিকে একের পর গ্রেফতারি ঘটনায় দিলীপ ঘোষ বলেছেন, সবে তো শুরু হয়েছে, গুনতে থাকুন, আরও গ্রেফতার হবে। দেড়হাজার অপরাধীকে গ্রেফতার করা উচিত। এদের ওপর সাধারণ মানুষের অপরিসীম ক্ষোভ রয়েছে।








