
মিঠি নদীর পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে এবার অভিনেতা ডিনো মোরিয়াকে তলব করেছে মুম্বই পুলিশ। প্রায় ৬৫ কোটি টাকার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মডেল-অভিনেতার। পুলিশ সূত্রে খবর, এই মামলায় ৬৫ কোটি টাকারও বেশি অর্থের নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, মিঠি মুম্বইয়ের একটি গুরুত্বপূর্ণ নদী।
মুম্বইয়ের বন্যা প্রতিরোধের লক্ষ্যে এই নদীখাত পরিষ্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিল প্রশাসন। সেখানেই কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত দরপত্র, জাল নথি পেশের মতো গরমিল ইত্যাদি। তারই পাশাপাশি রয়েছে তহবিল তছরুপের অভিযোগও। মিঠি নদীর পলি অপসারণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার আর্থিক তছরুপের তদন্তে নেমেছে ইডি।
এই কেলেঙ্কারির ফলে সরকারি তহবিলে বিশাল ক্ষতি হয়েছে যেমন, তেমনই মুম্বইয়ের মতো শহরে আসন্ন বর্ষার প্রস্তুতিও বিশ বাঁও জলে। মিঠি নদীর নিচু এলাকায় বৃষ্টির জল নিষ্কাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যয়সাপেক্ষ কাজ। কিন্তু এই দুর্নীতির সঙ্গে কী ভাবে অভিনেতা যুক্ত ছিলেন তা এখনও প্রকাশ্যে আসেনি।
