
সোনালি বিবির স্বামী-সহ বাংলাদেশে আটকে এখনও ৪ জনের নথি জমার নির্দেশ সুপ্রিম কোর্টের। তা পাঠানো হবে সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে।
সর্বোচ্চ আদালত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বিষয়টিকে মানবিকতার দিক থেকে দেখতে বলেছে। চারজনের মধ্যে কাউকে ফিরিয়ে আনা যায় কিনা, তা খতিয়ে দেখতে বলেছে আদালত। মামলার পরবর্তী শুনানি ৬ জানুয়ারি। সোনালি খাতুন মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলাটি ওঠার পর প্রধান বিচারপতি সূর্য কান্ত জানতে চান, সোনালিকে ফিরিয়ে আনা হয়েছে কিনা। তাঁদের আর্থিক ও মেডিক্যাল সহযোগিতা করা হচ্ছে কিনা, সেই বিষয়ে খোঁজ নেন বিচারপতিরা। তারপরই সোনালি বাবা, ভুদু শেখ ও আমির শেখের আইনজীবী বাংলাদেশে আটকে থাকা সোনালির স্বামী ও সুইটি বিবি পরিবারকে ফিরিয়ে আনার কথা বলেন।
সর্বোচ্চ আদালত বাংলাদেশে আটকে থাকা সুইটি বিবি ও বাকি চারজনের নথি জমা দিতে বলেছে। সেইগুলি পাঠানো হবে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে। ভুদু শেখদের আইনজীবীর তরফে আদালতে বলা হয়, বাংলাদেশের সীমান্তপার ভারতীয় নাগরিকদের জন্য সুরক্ষিত নয়। দ্রুত মামলার শুনানির আবেদন জানান তিনি। আগামী ৬ জানুয়ারি শুনানির দিন ঠিক করেছেন বিচারপতিরা।




