
বছরখানেক ধরেই পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোতে বাংলা সিনেমার ব্রাত্য থাকার অভিযোগ উঠেছে।মেগাবাজেট হিন্দি সিনেমার গুঁতোয় কখনও ভালো ব্যবসা করা বাংলা ছবিকে হল থেকে উৎখাত করা হয়েছে,আবার কখনও বা ব্যবসার স্বার্থে বলিউডের দৌড়াত্ম্যে বাংলা সিনেমার শো কমিয়ে দেওয়া হয়েছে মারাত্মক হারে।
বর্তমানে রাজ্যজুড়ে যখন বাঙালি অস্মিতায় শান দেওয়া হচ্ছে, তখন সেই আবহেই বাংলা সিনেমাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন দেব, সৃজিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ টলিউডের পরিচালক-প্রযোজকরা।এর আগেও পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোতেই বাংলা সিনেমা কোণঠাসা হওয়ার খবর একাধিকবার শিরোনামে এসেছে। এবার আরও অ্যালার্মিং সিচুয়েশন, মত সিনে বিশেষজ্ঞদের। এর আগে পুষ্পা টু ছবির জন্যেও সিঁদুরে মেঘ দেখেছিল টলিউড। আর এবার, ১৪ আগস্ট বহু প্রতীক্ষিত বাংলা সিনেমা ধূমকেতু’র রিলিজ। ওই একই দিনে মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মস প্রযোজিত বলিউডের মেগাবাজেট সিনেমা ওয়ার টু। উল্লেখ্য, প্রযোজনা সংস্থার ওয়ান শো পলিসি’র গেরোয় অতীতেও ধাক্কা খেতে হয়েছে টলিউডের একাধিক ছবিকে।ডাকসাইটে প্রযোজনা সংস্থার শর্ত অনুযায়ী, সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহে তাঁদের সিনেমা চললে, অন্য কোনও সিনেমা চালানো যাবে না।আরেকটু পরিষ্কার করে বললে, আঞ্চলিক ভাষার কোনও সিনেমা থাকবে না সেই হলে। সাম্প্রতিক অতীতের গ্রাফ ঝালিয়ে দেখলে, দেখা যাবে বাংলার ক্ষেত্রেও এই নির্দেশিকার কোনও হেরফের হয়নি।
তাই এবার সম্ভবত ওয়ার টু মুক্তির প্রাক্কালে ধূমকেতু’র জন্য একজোট হয়ে কোমর বেঁধে মাঠে নেমেছে টলিউড। বাংলা সিনেমাকে বাঁচাতে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গিয়েছে।
