
এটা যুদ্ধের সময় নয়, আলোচনার মাধ্যমে মতবিরোধের নিষ্পত্তি করতে হবে। বিশ্বে যুদ্ধ আবহে ব্রিকস প্লাস ফরম্যাটে ফের প্রধানমন্ত্রীর বার্তা স্মরণ করিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বুধবারই রাশিয়ায় ব্রিকস সামিটে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কাজানে ব্রিকস প্লাস ফরম্যাটে যোগ দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই বিদেশমন্ত্রী বলেছেন, বর্তমানে সকলে একটি প্যারাডক্সের মুখোমুখি হয়েছে। কিছু দীর্ঘস্থায়ী সমস্যাগুলি আরও জটিল আকার ধারণ করছে। ফলে দ্বন্দ্ব বা উত্তেজনা এখন মোকাবিলা করার প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে, এটা যুদ্ধ করার সঠিক সময় নয়। বিরোধ বা মতবিরোধ যাই থাকুক না কেন, সেটা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। ব্যতিক্রম ছাড়াই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা উচিত। মধ্যপ্রাচ্য-পশ্চিম এশিয়ার দেশগুলি জন্য বাড়তি উদ্বেগ সৃষ্টি হয়েছে। যে কোনও সময় এই অঞ্চলগুলিতে সংঘর্ষের পরিমাণ বাড়তে পারে।
এই উদ্বেগজনক পরিস্থিতির কারণে সামুদ্রিক বাণিজ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই অবস্থায় টু-স্টেট সলিউশনের মতো পদক্ষেপ ন্যায্য ও টেকসই হতে পারে বলে বিশ্বাস ভারতের।
ছবি সৌজন্যে : এক্স








