
নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এ বার নথিপত্র চেয়ে পাঠিয়েছে ইডি। সোমবার প্রায় ১১ ঘণ্টা ইডির দফতরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইডি সূত্রে খবর, সোমবার জিজ্ঞাসাবাদের সময়ে কিছু প্রশ্নের ঠিক ভাবে উত্তর দেননি তৃণমূল নেতা। জিজ্ঞাসাবাদ পর্বে তিনি পুরোপুরি সহযোগিতা করেননি বলেও মনে করছে ইডির একটি সূত্র। যদিও পুনরায় এখনই অভিষেককে ফের তলব করা হচ্ছে না। তবে পরবর্তী সময়ে আবার ডেকে পাঠানোর প্রয়োজন হতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। সোমবার সকাল ১১টার কিছু আগে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেরোন রাত ১০টা নাগাদ। সিজিও থেকে বেরিয়ে অভিষেক বলেছেন, এই ঘটনায় তাঁকে শেষ বার ডাকা হয়েছিল ২০২৩ সালে। তিনি তখনও এসেছিলেন। সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছেন। প্রাথমিকের নিয়োগ মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বে তৃণমূলের সাধারণ সম্পাদকের কাছ থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করেন তদন্তকারীরা।
এ বার জানা গেল, তাঁর কাছ থেকে বেশ কিছু নথিও চেয়েছে ইডি। আইনজীবী মারফত বা অন্য কারও মাধ্যমে সেই নথি ইডির কাছে পাঠাতে পারেন তৃণমূল নেতা।
