জল পড়াকে ঘিরে ঝামেলা, কাকাকে কুপিয়ে খুন ভাইপোর 

0
292
ছবি সৌজন্যে : নিজস্ব
বাড়ির ছাদ থেকে জল পড়াকে কেন্দ্র করে ঝামেলার জেরে কাকাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে উঠেছে ভাইপোর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের রঘুনাথ চকে।
পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৫৭-র সুকুমার দলুই। অভিযুক্ত ভাইপো বাপন দোলুই। জানা গিয়েছে, ঘাটালের রঘুনাচক এর বাসিন্দা সুকুমার দলুই ও বাপন দলুই এর মধ্যে সম্পত্তি দখল-কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলছিল। শনিবার সকালে অশান্তি চরম আকার নিলে বাপন দলুই কুড়ুল নিয়ে চড়াও হয় কাকা সুকুমার দলুইয়ের ওপর। অভিযোগ অস্ত্রের আঘাতেই প্রাণ যায় কাকা-র। খবর চাউর হতেই ব্যাপক উত্তেজনা এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার লোকজন। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত ভাইপো-সহ তাঁর পরিবারের ৬ জনকে আটক করা হয়েছে। কিন্তু, তাঁদের গাড়িতে তুলে থানায় নিয়ে যেতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে।
এমনই ক্ষোভ ছিল গোটা গ্রামে, যেই পুলিশ অভিযুক্তকে ধরে গাড়িতে তুলতে যায় তখনই একেবারে ফেটে পড়ে উন্মত্ত জনতা। পুলিশের হাত থেকে ছিনিয়ে মারতেও যায় কেউ কেউ। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বাপনের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন সকলেই।