
ঘূর্ণিঝড় দিটওয়া-র দাপট কমলেও তামিলনাড়ু ও পুদুচেরিতে বৃষ্টি চলছেই। সোমবার সকালেও মুষলধারে বৃষ্টি হয়েছে চেন্নাই ও পুদুচেরিতে।
চেন্নাইয়ের মেরিনা সৈকতে ঝোড়ো হাওয়া বইতে থাকে, যারফলে সকালেও উত্তাল ছিল সমুদ্র। তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলাতেও ভারী বৃষ্টি হয়েছে। পুদুচেরির গান্ধী সৈকতে ঘূর্ণিঝড়-পরবর্তী প্রভাব দেখা গিয়েছে, তবে বৃষ্টি অনেকটাই কমেছে।
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মৃত্যু হয়েছে বহু মানুষের। দ্বীপরাষ্ট্রে তাণ্ডব চালিয়ে রবিবার সন্ধ্যায় ভারতের উপকূলে পৌঁছোয় ঘূর্ণিঝড় দিটওয়া। তামিলনাড়ুতেও ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির জেরে প্রাণহানির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৭ হাজার হেক্টর কৃষিজমির।
