
দাড়িভিটকাণ্ডের তদন্তভার এনআইএ -র হাতেই দিয়েছে কলকাতা হাইকোর্ট। যারফলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। দাড়িভিটকাণ্ডে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিল রাজ্য।
দীর্ঘ শুনানির পর মঙ্গলবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিল। ফলে দাড়িভিটকাণ্ডে এনআইএ তদন্ত বহাল রইল। ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। পুলিশ ও জনতার মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। সেইসময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওই স্কুলের দুই প্রাক্তন পড়ুয়া রাজেশ সরকার ও তাপস বর্মণ। ওই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করে বিজেপি দাবি করে, বাংলার বদলে ওই স্কুলে উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশের গুলিতেই দুই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে পুলিশ। ২০২৩ সালের মে মাসে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ দাড়িভিটকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল।আবেদনকারীরা সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন।









