
কার্লোস আলকারাস চোটের কারণে নেই, জানিক সিনার বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ডে, এর ২৪ ঘণ্টার মধ্যেই ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন নোভাক জোকোভিচও। ফলে টুর্নামেন্টে শীর্ষ তারকাদের বিদায়ে ওপেন হয়ে গেছে ট্রফির লড়াই।
তৃতীয় রাউন্ডে ব্রাজিলের ১৯ বছর বয়সী জোয়াও ফোনসেকার কাছে হেরে যান জোকোভিচ। প্রায় পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস ম্যাচে তিনি প্রথম দুই সেট জিতেও শেষ পর্যন্ত হারেন ৪-৬, ৪-৬, ৬-৩, ৭-৫, ৭-৫ ব্যবধানে। এই জয়ে রোলাঁ গারোর দর্শকদের মন জয় করে নেন তরুণ ফোনসেকা।৩৯ বছর বয়সী জকোভিচের বিদায়ের ফলে এবারের ফরাসি ওপেনে ছেলেদের সিঙ্গলসে নতুন চ্যাম্পিয়ন দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমান ড্রয়ে থাকা কোনো পুরুষ খেলোয়াড়ই এখন পর্যন্ত গ্র্যান্ড স্লাম জেতেননি।অন্যদিকে, মেয়েদের সিঙ্গলসে চারবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইগা স্বিয়নতেক দারুণ ছন্দে এগোচ্ছেন। তৃতীয় রাউন্ডে তিনি পোল্যান্ডের ম্যাগডা লিনেটকে ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন। সেখানে তার প্রতিপক্ষ ইউক্রেনের মার্তা কোস্তিউক, তিনি ক্লে কোর্টে টানা ১৪ ম্যাচ জয়ের দারুণ ফর্মে আছেন।ম্যাচ শেষে স্বিয়নতেক জানান, প্রস্তুতির সময় কিংবদন্তি রাফায়েল নাদাল তাকে অনুপ্রাণিত করেছেন। তিনি বলেন, নাদাল তার অনুশীলন দেখতে এসে তাকে উৎসাহ দিয়েছেন, যা তাকে ভীষণভাবে সাহায্য করেছে।
এদিকে বড় অঘটনের জন্ম দিয়েছেন সুইজারল্যান্ডের ১৭০ নম্বর র্যাঙ্কিংধারী জিল টেকমান। তিনি ১০ নম্বর বাছাই ক্যারোলিনা মুচোভাকে ৬-১, ৭-৫ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে উঠেছেন। সেখানে তার মুখোমুখি হবেন অষ্টম বাছাই রাশিয়ার মিরা আন্দ্রিভা।
