
ভগবান রাম সামাজিক ন্যায়বিচারের রক্ষক। আইনমন্ত্রী তথা প্রবীণ ডিএমকে নেতা এস রঘুপতির মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে তামিলনাড়ুতে।
কারণ দলের সদস্যপদ পেতে গেলে নিজেকে নাস্তিক ঘোষণা করার বিধি রয়েছে দীর্ঘদিন ধরে। তামিলনাড়ুর শাসক দল সেই ডিএমকের শীর্ষ নেতার মুখে শোনা গিয়েছে ভগবান রামের স্তুতি।তামিলনাড়ুর ধর্মীয় সংগঠন কুম্বন কাজ়াঘম আয়োজিত এক সভায় এস রঘুপতি বলেছেন, ভগবান রাম ছিলেন সামাজিক ন্যায়বিচারের রক্ষক। দ্রাবিড় আন্দোলনের প্রাণপুরুষ প্রয়াত পেরিয়ার রামস্বামী নাইকার, ডিএমকে প্রতিষ্ঠাতা তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী আন্নাদুরাই, এম করুণানিধি এবং এমকে স্ট্যালিনের আগে ভগবান রামই ছিলেন সামাজিক ন্যায়বিচারের রক্ষক।
