
কসবাকাণ্ডে এবার নির্যাতিতা সহ তিন অভিযুক্ত-র ডিএনএ টেস্ট করা হবে। ইতিমধ্যেই নির্যাতিতা এবং মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, দুই ছাত্র প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে।পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ডিএনএ-র নমুনা।
ঘটনার দিন ৩ জনের পরে থাকা পোশাকও পরীক্ষা করা হচ্ছে। অভিযুক্তদের বাড়ি নিয়ে গিয়ে পোশাক সংগ্রহ করেছেন তদন্তকারী অফিসাররা। একইসঙ্গে তাঁদের মোবাইল ফোন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। ফোনের কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা সাড়ে ৭ ঘণ্টার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার দিনের দুপুর সাড়ে তিনটে থেকে রাত ১০টা ৫০ পর্যন্ত কলেজের সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের। সেই ফুটেজের সঙ্গে নির্যাতিতার দেওয়া বয়ান মিলিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর সিসিটিভি ফুটেজের সঙ্গে নির্যাতিতার দেওয়া বয়ান মিলে যাচ্ছে। ধর্ষণকাণ্ডে এখনও পর্যন্ত নিরাপত্তারক্ষী সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিনের যে সাড়ে ৭ ঘণ্টার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে, সেখানে চারজনকেই দেখা গিয়েছে। ঘটনাস্থলে চারজনের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এদিকে কসবাকাণ্ডের তদন্তে লালবাজারের তরফে গঠন করা সিটের সদস্য সংখ্যা ৫ থেকে বাড়িয়ে ৯ হয়েছে।
যে চারজন নতুন যুক্ত হয়েছেন, তাঁদের মধ্যে একজন মহিলা সাব ইনস্পেক্টরও রয়েছেন। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার দক্ষিণ শহরতলি প্রদীপকুমার ঘোষালের নেতৃত্বেই ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন অফিসাররা। ইতিমধ্যেই নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বাবা-মায়ের গোপন জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন করেছে সিট। এদিকে ঘটনার দিন বুধবার ক্যাম্পাসে উপস্থিত ছাত্রছাত্রীদের তালিকা তৈরি করেছেন তদন্তকারী অফিসাররা। জিজ্ঞাসাবাদের জন্য এদের কসবা থানায় ডাকা হবে।
