
স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পরও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় নির্বাচনে ফল বিপর্যয়ের খবরে স্টারমার বলেছেন, আগামী সাধারণ নির্বাচনেও তিনিই দলের নেতৃত্ব দেবেন বলে আশা করছেন।
স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ভীষণ কঠিন ফলের দায় স্বীকার করে স্টারমার বলেছেন, আমি দায়িত্ব ছেড়ে দিয়ে দেশকে বিশৃঙ্খলার মুখে ঠেলে দেব না।উল্লেখ্য স্কটল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্ট নির্বাচনেও লেবার পার্টি বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছে। স্টারমার বলেছেন, ফলাফল খুবই কঠিন এবং এটি আড়াল করার কোনো সুযোগ নেই। আমরা সারা দেশে অনেক মেধাবী প্রতিনিধি হারিয়েছি।
এটি কষ্টের এবং এর দায় আমি নিচ্ছি। ওদিকে,দু’ বছর আগে ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে নিরঙ্কুশ জয় পাওয়া স্টারমারের জন্য এবারের নির্বাচন ছিল এক কঠিন অগ্নিপরীক্ষা। জনমত জরিপের পূর্বাভাসকে সত্য প্রমাণ করে ভোট গণনার শুরুতেই লেবার পার্টির বিপর্যয়ের চিত্র স্পষ্ট হয়ে ওঠে। ঘোষিত ১৩৬টি কাউন্সিলের মধ্যে ৪০টির ফল বিশ্লেষণে দেখা যায়, নাইজেল ফারাজের অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকে ইতিমধ্যে ৩৫০টিরও বেশি আসনে জয় নিশ্চিত করেছে। অন্যদিকে লেবার পার্টি হারিয়েছে ২৪০টির বেশি আসন।







