ভাত খেলেই ক্লান্ত লাগে? 

0
72
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

দুপুরের খাবারের পর বা ভাত খাওয়ার কিছুক্ষণ পরেই অনেকের তীব্র ক্লান্তি বা ঘুম ঘুম ভাব অনুভব হয়। এই অনুভূতিকে ইংরেজিতে ফুড কোমা বা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় পোস্টপ্র্যান্ডিয়াল সোমনোলেন্স বলা হয়।

বাঙালিদের প্রধান খাদ্য ভাত, যা কার্বোহাইড্রেটের প্রধান উৎস, তাই অনেকের ক্ষেত্রেই এই সমস্যাটি বিশেষভাবে অনুভূত হয়।ভাত খাওয়ার পর ক্লান্ত লাগার পেছনে মূলত দুটি প্রধান বৈজ্ঞানিক কারণ থাকে।ভাত হলো উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবার। এর অর্থ হলো, ভাত খাওয়ার পর এটি দ্রুত ভেঙে গ্লুকোজে পরিণত হয়। ফলে দ্রুত ইনসুলিন নিঃসরণ হয় এবং রক্তে শর্করার পরিবর্তন হয়।এদিকে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বেড়ে যায়। এই শর্করাকে কোষে পৌঁছে দেওয়ার জন্য শরীর প্রচুর পরিমাণে ইনসুলিন নিঃসরণ করে।অতিরিক্ত ইনসুলিন দ্রুত শর্করাকে রক্ত থেকে সরিয়ে দেয়, যার ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে কমে যায়। রক্তে শর্করার এই দ্রুত উত্থান-পতনের কারণে শরীর দুর্বল ও ক্লান্ত অনুভব করে, যা ঘুম-ঘুম ভাবের সৃষ্টি করে।খাবার খাওয়ার পর শরীরে আরেকটি রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়, যা মস্তিষ্কের ক্লান্তি বাড়ায়।অন্যদিকে,ভাত বা কার্বোহাইড্রেট খাওয়ার পর ইনসুলিন রক্ত থেকে অ্যামাইনো অ্যাসিডগুলোকে পেশিতে পাঠাতে সাহায্য করে। কিন্তু ট্রিপটোফ্যান নামক একটি বিশেষ অ্যামাইনো এসিড অপেক্ষাকৃত কম প্রভাবিত হয় এবং মস্তিষ্কের রক্ত-মস্তিষ্ক প্রতিবন্ধক ভেদ করে মস্তিষ্কে প্রবেশ করে।এছাড়া মস্তিষ্কের ট্রিপটোফ্যান তখন সেরোটোনিন এবং পরে মেলাটোনিন হরমোন তৈরি করে। মেলাটোনিন হলো সেই হরমোন, যা আমাদের ঘুম-জাগরণের চক্র নিয়ন্ত্রণ করে এবং ক্লান্তি ও ঘুম আসার অনুভূতিকে বাড়িয়ে তোলে।ভাত খাওয়ার পর ক্লান্তি এড়াতে একবারে বেশি ভাত না খেয়ে পরিমিত পরিমাণে খান।প্লেটে ভাতের পরিমাণ কমিয়ে সবজি, ডাল বা প্রোটিনের পরিমাণ বাড়ান।পাশাপাশি শুধু ভাত না খেয়ে তার সঙ্গে প্রোটিন, যেমন মাছ, ডিম, পোলট্রি এবং ফাইবার, যেমন সালাদ, সবজি যোগ করুন। প্রোটিন ও ফাইবার কার্বোহাইড্রেটের শোষণকে ধীর করে, ফলে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি কমে আসে।

খাওয়ার পরপরই বসে বা শুয়ে না থেকে হালকা ১০-১৫ মিনিটের জন্য হেঁটে আসুন। এটি হজম প্রক্রিয়া শুরু করতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।