
রোগীকে হাসপাতালের বেডে ফেলে মারধরের অভিযোগে এক চিকিৎসককে বরখাস্ত করেছিলেন হিমাচল প্রদেশের সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
তার প্রতিবাদে শনিবার থেকে ধর্মঘট শুরু করেছেন রাজ্যের একাধিক সরকারি হাসপাতালের চিকিৎসকরা। ইমার্জেন্সি ছাড়া প্রায় সব ধরনের পরিষেবাই বন্ধ রয়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। চিকিৎসকদের দাবি, অবিলম্বে সাসপেনশন প্রত্যাহার না করলে ধর্মঘট চলবে। সংবাদসংস্থা জানিয়েছে, এ দিনের ধর্মঘটে মূলত হিমাচলের সরকারি হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসকরাই যোগ দিয়েছেন। ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দূরদূরান্ত থেকে আসা রোগীরা।
জানা গিয়েছে, শুক্রবার থেকেই সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ-সহ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের চিকিৎসকরা গণহারে ক্যাজুয়াল লিভ নিতে শুরু করেছেন। পরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা করেন রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে জানানো হয়, বহির্বিভাগ, নিয়মিত পরিষেবা এবং নির্ধারিত অস্ত্রোপচার বন্ধ থাকলেও জরুরি পরিষেবা চালু থাকবে।








