
গার্হস্থ্য হিংসার মামলাগুলিকে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে খতিয়ে দেখা উচিত। অভিযুক্তের পরিবারের সদস্যদের অকারণে মামলায় জড়িয়ে ফেলা যাবে না। এ কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।
এই ধরনের মামলার ক্ষেত্রে অভিযুক্তের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আইনের কোনও নির্দিষ্ট ধারায় অভিযোগ রয়েছে কি না, তা দেখা প্রয়োজন বলে মনে করছে আদালত। শীর্ষ আদালতের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চ জানিয়েছে, দাম্পত্য কলহের মামলায় আবেগ ভীষণ ভাবে জড়িয়ে থাকে। এ ক্ষেত্রে শ্বশুরবাড়ির কোনও সদস্য ঘটনায় জড়িত না থাকলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার সম্ভাবনা থাকে। তেলঙ্গানার এক মহিলা তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা রুজু করেছিলেন। মামলা থেকে অব্যাহতির আর্জি নিয়ে প্রথমে তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্তের পরিবারের সদস্যেরা।
কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট। পরে তাঁরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। ওই মামলার শুনানিতে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।








