
টিনসেল টাউনে এখন বিতর্কের নাম ডন থ্রি। ফারহান আখতারের ছবি থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। এরপরই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হতে হয়েছে অভিনেতাকে।
ধুরন্ধর অভিনেতার ব্যান নিয়ে চর্চায় ফিরে আসছে পুরনো প্রসঙ্গও। প্রশ্ন উঠছে, এর আগে শাহরুখই বা কেন ছেড়ে দিয়েছিলেন ছবিটি? উল্লেখ্য,বলিউডের প্রথম ডন,অমিতাভ বচ্চন। চন্দ্র বারোট পরিচালিত ছবিটির কাহিনি-সংলাপ লেখেন বিখ্যাত জুটি সেলিম-জাভেদ। ব্লকবাস্টার ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৮ সালে। প্রায় আঠাশ বছর পরে ছবিটির রিমেক করেন জাভেদ আখতারের ছেলে ফারহান আখতার।তিনি অমিতাভের জায়গায় নিয়ে আসেন শাহরুখকে। শুরুতে অনেকে সন্দিহান থাকলেও নিজস্ব ক্যারিশমায় আইকনিক চরিত্রটিকে নতুন মোচড় দেন বাদশা।এই ছবিটিও ব্লকবাস্টার হয়ে ওঠে। ২০১১ সালে মুক্তি পায় ছবির সিক্যুয়েল,ডন টু। এটিও বক্স অফিসে ঝড় তোলে।স্বাভাবিক ভাবেই উৎসাহী হয়ে সিরিজের তৃতীয় ছবি করার দিকে হাত বাড়ান ফারহান। যথেষ্ট আগ্রহও ছিল। কিন্তু আচমকাই জানা যায়, ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন শাহরুখ। পরে তাঁর স্থলাভিষিক্ত হন রণবীর। শেষপর্যন্ত তিনিও সরে দাঁড়িয়েছেন। মাঝে শোনা যায় হৃতিক রোশনের নামও। কিন্তু শাহরুখ কেন ছেড়ে দেন এমন হিট এক ফ্র্যাঞ্চাইজি, যা তাঁর কেরিয়ারের দু’টি দারুণ সফল ছবি দিয়েছে।দাবি, শাহরুখ মোটেই অপছন্দ করেননি ফারহানের চিত্রনাট্য। তবে তিনি পুরোপুরি নিশ্চিতও হতে পারছিলেন না। তাঁর মত ছিল, ডন একটা আইকনিক চরিত্র। সম্পূর্ণ আত্মবিশাসী না হয়ে এই চরিত্র করা যাবে না। আর সেই কারণেই শেষপর্যন্ত ছবিটি ছেড়ে দেন তিনি। তবে এক অন্য সূত্রের দাবি, ফারহান আখতার নাকি চিত্রনাট্য ভালোমতো মাজাঘষা করেছেন। তাঁর আশা, এবার শাহরুখ নাকি চিত্রনাট্য শুনলে আর না করতে পারবেন না।কিন্তু শাহরুখ কি আর ফিরবেন? এবছরের গোড়াতেই এমন গুঞ্জন ফের শোনা গিয়েছিল। তখন নাকি কিং বলেন, তিনি ডন থ্রি করতেও পারেন। কিন্তু তাঁর শর্ত রয়েছে। সেক্ষেত্রে ছবিটি পরিচালনার ভার দিতে হবে জওয়ান-এর পরিচালক অ্যাটলিকে।যদিও এই খবর সত্যি কিনা তা জানা যায়নি।
তবে রণবীরকে নিয়ে গোলযোগের মধ্যেই শাহরুখ ফ্যান ফলোয়াররা ভাবতে শুরু করেছেন ডন থ্রি নিয়ে। বাদশা কি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন?








