
প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়েছে আমেরিকায়। ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিস নাকি রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।
সমস্ত ভোটসমীক্ষা, বিশেষজ্ঞদের মতামত পিছনে ফেলে শেষ হাসি কে হাসবেন সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। ভারত, চিন, বাংলাদেশ, ইজরায়েলের মতো একাধিক দেশের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট বনাম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের এই লড়াইয়ে তীক্ষ্ণ নজর রয়েছে রাশিয়া-ইউক্রেনেরও। এই মুহূর্তে লড়াই জারি রয়েছে যুযুধান দুদেশের মধ্যে। কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প,মসনদে যেই বসুন না কেন, দু’দেশের সঙ্গেই কূটনৈতিক সমীকরণ বদলে যেতে পারে আমেরিকার। অন্যদিকে, শুধু প্রেসিডেন্ট হওয়ার জন্য নয়, ডোনাল্ড ট্রাম্পের কাছে এই নির্বাচনের গুরুত্ব অন্য জায়গায়। ক্যাপিটল হিলে হামলায় উস্কানি থেকে পর্নস্টারকে ঘুষ, আয়কর জালিয়াতি, বিচারব্যবস্থার উপর অবৈধ ভাবে প্রভাব বিস্তারের চেষ্টা থেকে বিদেশি রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার সরকারি কোষাগারে জমা না দেওয়া আমেরিকার ফেডারেল আদালতে মোট ৩৪টি মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প। দোষী সাব্যস্ত করা হলেও এখনও পর্যন্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে সাজা শোনানো হয়নি।তাই যদি তিনি প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান, তবে তাঁর জীবনে নেমে আসতে পারে অন্ধকার। জিতলে অবশ্য তিনিই বাজিগর।
এদিকে, রবিবার থেকেই আমেরিকায় শুরু হয়ে গিয়েছে আগাম ভোট পর্ব। সেখানে ইতিমধ্যেই সে দেশের প্রায় তিন কোটি ২৫ লাখ ভোটদাতা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।
ছবি সৌজন্যে : এক্স
