
জো বাইডেন প্রশাসনের জন্যই ৬ মাসের বেশি সময় ধরে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস, ব্যারি বুচ উইলমোর।
এমনই অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে মহাকাশ থেকে সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনার উদ্যোগও নিয়েছেন ট্রাম্প। আর এই ব্যাপারে তিনি গুরুদায়িত্ব দিয়েছেন ইলন মাস্ক-কে। সে ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন স্পেস-এক্স কর্তা। মাস্ক লিখেছেন, স্পেস স্টেশন আটকে থাকা দু’জনকে ফিরিয়ে আনার দায়িত্ব দিয়েছে হোয়াইট হাউস। ভয়ঙ্কর ব্যাপার যে তাঁদের বাইডেন প্রশাসন এতদিন ধরে নিজেদের হালে ছেড়ে রেখে দিয়েছে। ট্রাম্পও এর প্রেক্ষিতে তাঁকে বলেছেন, দুই বীর মহাকাশচারীকে ফিরিয়ে আনতে হবে। ওদের তো বাইডেন প্রশাসনের জন্যই আটকে থাকতে হয়েছে এতদিন ধরে।
যদিও নাসা বারংবার দাবি করেছে, তাঁরা কেউই আটকে নেই, বরং স্পেস স্টেশনে ভাল আছেন, সুস্থ রয়েছেন।
