
তাঁকে হত্যার ছক কষছে ইরান-এমনটাই আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের হিট লিস্টে প্রথম স্থানে রয়েছেন বলেও দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের আশঙ্কা, মাঝআকাশে তাঁর বিমানে হামলা হতে পারে।
সে কথা বলে এয়ার ফোর্স ওয়ান-মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান-এর সব জানালা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তিনি। আমেরিকা এবং ইরানের শান্তিসমঝোতা আপাতত স্থগিত করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
ইরানে নতুন করে হামলা চালিয়েছে তারা। বুধবার বেশি রাতের দিকে ইরানের একের পর এক শহরে বিস্ফোরণ হয়েছে। চাবাহার বন্দরের কাছাকাছি এলাকাতেও হামলার খবর মিলেছে। এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো’র সম্মেলনে যোগ দিতে তুরস্কে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আমেরিকায় ফেরার পথে সাংবাদিকদের উদ্দেশে এই আশঙ্কার কথা বলেন তিনি।








