
৫০ শতাংশ শুল্ক আগে থেকেই চাপানো রয়েছে। এ বার ভারতের উপর আরও শুল্ক চাপানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার বাজারে ভারতের চালের উপর শুল্ক চাপাতে পারেন তিনি। শুধু ভারত থেকে আমদানি করা চালের উপরেই নয়, কানাডা থেকে আমদানি করা সারের উপরেও শুল্ক চাপাতে পারেন তিনি। বিদেশ থেকে কৃষিজ পণ্য আমদানির জন্য আমেরিকার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে বার বার অভিযোগ উঠেছে সে দেশে। অন্য দেশ থেকে সস্তায় আমদানি করা চালের জন্য আমেরিকার নিজস্ব কৃষিজ পণ্য নিজেদের দেশেই বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। এ নিয়ে সাম্প্রতিক সময়ে বিবিধ অভিযোগের মাঝেই ভারত থেকে চাল আমদানিতে শুল্ক বৃদ্ধির চিন্তাভাবনা শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
আমেরিকার বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ধারাবাহিক ভাবে প্রশ্ন উঠেছে গত কয়েক মাসে। এ বিষয়ে পদক্ষেপের জন্য ট্রাম্প প্রশাসনের উপর চাপও তৈরি হচ্ছিল। এ অবস্থায় সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠান থেকে মার্কিন কৃষকদের জন্য কোটি কোটি ডলারের সহায়তার কথা ঘোষণা করেন তিনি।
