
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।সোমবার দ্বিতীয়বারের জন্য ওভাল অফিসের দায়িত্ব হাতে নিয়েছেন ধনকুবের শিল্পপতি।
তবে এবার প্রথা মেনে ক্যাপিটল বিল্ডিংয়ের উদ্যানে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।প্রবল ঠান্ডার কারণে ক্যাপিটল ভবনেরই রোটান্ডায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেডি ভান্স শপথ নিয়েছেন।ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আমেরিকার সংসদ ভবন ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। সম্মাননীয় এই শোভাযাত্রায় পারফর্ম করার সুযোগ পেয়েছিল টেক্সাসের ইন্দো-আমেরিকান ঢোল ব্যান্ড শিবম ঢোল তাশা পাঠক। সকাল থেকেই ক্যাপিটল হিলের অভিমুখে ছিল হাজার হাজার মানুষের ভিড়। ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।একই সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রধান মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানিও অনুষ্ঠানে হাজির ছিলেন।
ইলন মাস্ক থেকে জেফ বেজোস এবং মার্ক জুকেরবার্গের মতো হাই প্রোফাইল তারকারা ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে ছিলেন।প্রথা মেনে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বারাক ওবামা, বিল ক্লিনটন এবং জর্জ ডব্লিউ বুশরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
