
ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। দুই রাষ্ট্রনেতার ফোনালাপের পরে ট্রাম্পই নিজেই জানান, সম্ভবত ফেব্রুয়ারিতে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার ফ্লরিডা থেকে ম্যারিল্যান্ডে আমেরিকার বায়ুসেনা ঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ফিরছিলেন ট্রাম্প। সেই সময় আমেরিকার প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান-এ ওঠার আগে তিনি বলেন, তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক ক্ষণ ধরে কথা হয়েছে। সম্ভবত ফেব্রুয়ারিতেই তিনি হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে আমেরিকার খুব ভাল সম্পর্ক রয়েছে। মোদীর সঙ্গে ফোনে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়েও প্রশ্ন করা হয় আমেরিকার প্রেসিডেন্টকে। তবে এ নিয়ে বিস্তারিত মন্তব্য করেননি ট্রাম্প।
তিনি জানান, সব বিষয়ই উঠে এসেছে আলোচনায়। পরে সোশ্যাল মিডিয়ায় মোদী লেখেন, প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে। বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির জন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান মোদী।







