আতঙ্কিত হবেন না, জ্বালানি নিয়ে বার্তা রাজনাথের 

0
39
ছবি সৌজন্যে : এক্স

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রীর আবেদনকে জনগণের সম্মিলিত অংশগ্রহণ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, বিশ্বজুড়ে চ্যালেঞ্জ মোকাবিলায় এবং দেশকে জ্বালানি সুরক্ষায় স্বনির্ভর করতে জনগণের এই সহযোগিতা অত্যন্ত জরুরি।

তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সরকারের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনে যাতে কোনও টান না পড়ে। প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে,ইনফরমাল এমপাওয়ার্ড গ্রুপ অফ মিনিস্টার্স-এর পঞ্চম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে ভারতের জ্বালানি সরবরাহ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রাপ্যতার ওপর কী কী প্রভাব পড়তে পারে, তা খতিয়ে দেখা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার সাধারণ মানুষের জন্য প্রতিটি প্রয়োজনীয় পণ্যের জোগান নিশ্চিত করতে প্রশংসনীয় কাজ করছে। সরবরাহ শৃঙ্খলে যাতে কোনওভাবে ছেদ না পড়ে, তার জন্য সবরকম যান্ত্রিক ও কৌশলগত প্রস্তুতি সেরে রাখা হয়েছে। উল্লেখ্য এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে একগুচ্ছ আবেদন রেখেছিলেন। পশ্চিম এশিয়ার এই অস্থির সময়ে ভারতের অর্থনীতি এবং জ্বালানি ভাণ্ডার সুরক্ষিত রাখতে কী কী করণীয়, তার একটি দিশা দেখিয়েছিলেন তিনি।

জ্বালানি তেলের আকাশছোঁয়া দাম এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার আশঙ্কায় যখন সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই আশ্বাসের কথা শোনালেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি দেশবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রীর কথায়, সরকার পরিস্থিতি মোকাবিলায় অত্যন্ত সুনির্দিষ্ট এবং কঠোর পদক্ষেপ নিচ্ছে। অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।