
সোমবার সকালে পুরোনো বকেয়া কাজের টাকা চেয়েছিলেন, তবে সেই টাকা না দেওয়ায় লুঠের উদ্দেশে খুন। বেহালার পর্ণশ্রীতে দূরদর্শনের সঙ্গীতশিল্পী অনিতা ঘোষকে খুনের ঘটনায় পুলিশি জেরায় এমনটাই স্বীকার করেছেন গ্রেফতার হওয়া আয়া সঞ্জু সরকার।
অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় অভিযুক্ত আয়া সঞ্জু সরকার ও অনিতা ঘোষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। এর পরেই একটি ছুরি নিয়ে অনিতার গাল ও পেটে আঘাত করেন সঞ্জু সরকার। তদন্তকারীদের দাবি, অনিতা আত্মরক্ষার চেষ্টা করায় অভিযুক্তের শরীরেও আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশ জানিয়েছে, অনিতা অচেতন হয়ে পড়ার পর তাঁর গা থেকে সোনার গয়না খুলে নেন সঞ্জু সরকার। পাশাপাশি আলমারি থেকে নগদ টাকাও নিয়ে নেন বলে অভিযোগ। এর মধ্যেই চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং সঞ্জুকে ধরে ফেলেন। তাঁরাই থানায় খবর দেন। পুলিশ এসে ফ্ল্যাটের শৌচালয়ের কাছে অনিতার রক্তাক্ত দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, বেহালার পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে স্বামী অরূপ ঘোষের সঙ্গে থাকতেন অনিতা ঘোষ। অরূপ দীর্ঘদিন ধরে ডিমেনশিয়ায় আক্রান্ত। তাঁর দেখভালের জন্য বাড়িতে আয়া রাখা হয়েছিল। অনিতার ছেলে বেহালার অন্য একটি ফ্ল্যাটে থাকেন। অনিতা ঘোষ একসময় দূরদর্শন ও আকাশবাণীর নিয়মিত শিল্পী ছিলেন। সোমবার সকাল ন’টা নাগাদ পুলিশে অস্বাভাবিক মৃত্যুর খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে পারে, অনিতাকে ইতিমধ্যেই তাঁর ছেলে হাসপাতালে নিয়ে গিয়েছেন।
অন্য একটি পুলিশ দল হাসপাতালে পৌঁছে নিশ্চিত করে, সেখানে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে বৃদ্ধার। এই আবাসনে কোনও সিসি ক্যামেরা নেই। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। তাঁদের একাংশের মত, সিসি ক্যামেরা থাকলে অপরাধ পুরোপুরি ঠেকানো না গেলেও তদন্তে সুবিধা হত, তাই নজরদারি ব্যবস্থা থাকা জরুরি।
