
হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ব্লুটুথচালিত একটি অ্যাপ অ্যাপলের অ্যাপ স্টোরে এনেছে সোশ্যাল মিডিয়া টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি।
বিটচ্যাট নামের এ অ্যাপটি ইন্টারনেট সংযোগ না থাকলেও ইউজারদের একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করবে। তবে অ্যাপটির পরিসর সীমিত বলে জানা যাচ্ছে।বলা হচ্ছে,ব্লুটুথ সিগন্যাল সাধারণত প্রায় একশ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে মেশ নেটওয়ার্ক ব্যবহার করে এই সীমা আরও বাড়ানো সম্ভব।এ প্রযুক্তিতে আশপাশের অন্য ইউজারদের মাধ্যমে বার্তা এক জন থেকে আরেক জনের কাছে রিলে হিসেবে পাঠানো হয়। ফলে অনেক দূরে থাকা মানুষদের সঙ্গেও এর মাধ্যমে ধাপে ধাপে যোগাযোগ করা যায়।ডরসি বলেছেন, অ্যাপটি কেবল সপ্তাহের এক ছুটির দিনে তৈরি করা হয়েছে।তিনি এমন এক মেসেজিং প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন, যা হবে সম্পূর্ণ ব্যক্তিগত, নিরাপদ ও বিকেন্দ্রীকৃত, অর্থাৎ কোনো কেন্দ্রীয় সার্ভার বা নিয়ন্ত্রণ ছাড়াই চলবে।অ্যাপটির মাধ্যমে ইউজারদের অন্য কাউকে বার্তা পাঠানোর জন্য ইমেইল ঠিকানা বা ফোন নম্বর দেওয়ার প্রয়োজন নেই।অ্যাপটির শ্বেতপত্রে বলা হয়েছে, বিটচ্যাট তৈরি হয়েছে এমন এক দৃঢ় ও ব্যক্তিগত যোগাযোগের প্রয়োজন মেটাতে, যা কোনো কেন্দ্রীভূত পরিকাঠামোর ওপর নির্ভর করবে না।ব্লুটুথ লো এনার্জি মেশ নেটওয়ার্কিং ব্যবহার করে তৈরি বিটচ্যাট, যা শারীরিকভাবে কাছাকাছি থাকা ইউজারদের মধ্যে সরাসরি পিয়ার-টু-পিয়ার মেসেজ পাঠাতে পারে।এ ছাড়া, বার্তা স্বয়ংক্রিয়ভাবে অন্য ইউজারদের মাধ্যমে রিলে হয়ে পৌঁছে যায়।
ফলে সরাসরি ব্লুটুথ সংযোগ ছাড়াও অনেক বেশি দূরত্ব পর্যন্ত যোগাযোগ সম্ভব।এ নতুন প্রযুক্তির কারণে প্রচলিত বিভিন্ন নেটওয়ার্ক যখন অতিরিক্ত লোড হয়ে ধীর বা বন্ধ হয়ে যায় তখন বিটচ্যাট কাজে আসতে পারে, বিশেষ করে উৎসব, খেলাধুলার ম্যাচ বা অন্যান্য জমে ওঠা অনুষ্ঠানের বেলায়।








