ডবল সেঞ্চুরি, ইংল্যান্ডে অপ্রতিরোধ্য শুভমান

0
146
ছবি সৌজন্যে : এক্স

টেস্টে প্রথমবার ডবল সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক শুভমান গিল। ইংল্যান্ডের মাটিতে সোনালি ফর্ম অব্যাহত ভারত অধিনায়কের। সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। এবার এজবাস্টনে ডবল সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। ৩১১ বলে দ্বিশতরান এল গিলের ব্যাট থেকে। উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছে গোটা ভারতীয় দল।

এর আগে যশপ্রীত বুমরার খেলা না খেলা ইস্যুতে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বেশ চাপেই পড়ে গিয়েছিলেন অধিনায়ক গিল। উত্তরগুলো কিছুটা ঘোলাটেই দিয়েছিলেন। অথচ ব্যাটিংয়ে নেমে যা করেছেন, সেখানে ধোঁয়াশার কোনো চিহ্ন রাখেননি।সিরিজ শুরুর আগে অধিনায়কত্ব ও ব্যাটিং আলাদা রাখার কথা বলেছিলেন গিল।মাঠে নেমে তিনি সেটিরই দারুণ বাস্তবায়ন করেছেন। এখন পর্যন্ত ২১৬ বলের ইনিংসে মাত্র ৩.৫ শতাংশ ফলস বা ভুল শট খেলেছেন। তুলনামূলকভাবে, ইংল্যান্ডে এই গড় প্রায় ১২ শতাংশ। ২০০৬ সালে ক্রিকেট পরিসংখ্যান ওয়েবসাইট ক্রিকভিজ পরিসংখ্যান রাখা শুরু করার পর থেকে ইংল্যান্ডে এটিই সবচেয়ে নিয়ন্ত্রিত, সবচেয়ে নিখুঁত টেস্ট সেঞ্চুরি। ইংল্যান্ডের অনেক কিংবদন্তিও এখানে পিছিয়ে। এই যেমন অ্যালিস্টার কুক, জো রুট, কেভিন পিটারসেন।

এমনকি গত দুই দশকে যাঁরা ইংল্যান্ডে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন, সেই রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারারাও এমন নিয়ন্ত্রণ দেখাতে পারেননি।গিলের ইনিংসে মাত্র দুটি বল ব্যাটের বাইরের কানায় লেগেছিল। দুটিই ক্রিস ওকসের বিপক্ষে। সেটা শুরুর দিকেই, ২০ রানে পৌঁছানোর আগেই। ভেতরের কানায় লেগেছিল একবার, ব্রায়ডন কার্সের বলে।