
মতামতের জন্য জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে। শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দলগুলোর কাছে এটি পাঠানো হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা আন্দোলন সনদের পটভূমিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে ৮ অগাস্ট শিগগিরই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। এর আগে, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরি করে জাতীয় ঐকমত্য কমিশন। এতে জাতীয় সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূসের মতামত গ্রহণ এবং কিছু শব্দ ও ভাষাগত সংযোজন-বিয়োজন শেষে সনদের চূড়ান্ত খসড়াটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, জুলাই সনদের সমন্বিত চূড়ান্ত খসড়াকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে প্রথম ভাগে জুলাই সনদের পটভূমি, সংস্কার কমিশন গঠন, জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং কমিশনের কার্যক্রমের বিষয়ে বর্ণনা করা আছে।
দ্বিতীয় ভাগে ঐকমত্য হওয়া বিষয়গুলো এবং সর্বশেষ ভাগে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা, যেখানে ৯টি ধারায় অঙ্গীকারগুলো উল্লেখ আছে।
