
টানা তিন দিন ৩৭০ ধারা ইস্যুতে উত্তপ্ত জম্মু-কাশ্মীর বিধানসভা। শুক্রবারও বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়েছেন বিধায়করা।
দেওয়া হয় স্লোগান, বিধায়কদের মধ্যে হাতাহাতিও হয়। শেষ পর্যন্ত মার্শাল ডেকে বিজেপি বিধায়কদের বিধানসভা কক্ষ থেকে বের করে দিতে হয়েছে।বুধবারই কেন্দ্রশাসিত অঞ্চলটির ন্যশানাল কনফারেন্স সরকারের তরফে ৩৭০ ধারা ফেরানোর দাবিতে বিধানসভায় একটি প্রস্তাব পাশ করানো হয়। উপত্যকায় বিশেষ মর্যাদা ফেরানো নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা শুরু হোক। এই মর্মে প্রস্তাব পাশ করায় ওমর আবদুল্লার সরকার। ওই প্রস্তাবে বলা হয়, জাতীয় সংহতির কথা মাথায় রেখে এবং একই সঙ্গে কাশ্মীরবাসীর স্বার্থ অক্ষুন্ন রাখতে এই নিয়ে আলোচনার প্রয়োজন।যার জেরে শুক্রবার সকালে বিধানসভা অধিবেশন শুরু হতেই ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যে প্রস্তাব বুধবার পাশ হয়েছিল, সেটা প্রত্যাহারের দাবিতে ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখানো শুরু করেন বিজেপি বিধায়করা।
পালটা নেমে পড়েন নির্দল এবং ইঞ্জিনিয়ার রশিদের দলের বিধায়ক খুরশিদ আহমেদ শেখ। বাধ্য হয়ে স্পিকার তাদের মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেন। আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শেষ পর্যন্ত এদিন ফের অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।
ছবি সৌজন্যে : এক্স








