
দৃশ্যম সিনেমার তুমুল সাফল্যের পর আসে এর দ্বিতীয় কিস্তি দৃশ্যম টু। তাও দর্শক মহলে দারুণ সাড়া ফেলে, একইসঙ্গে বক্স অফিসে ঝড় তুলে। মালয়ালম সিনেমাটির জনপ্রিয়তা এত বেশি ছিল যে মালয়ালি ছাড়াও একাধিক দক্ষিণী ভাষায়, এমনকি হিন্দিতেও নির্মিত হয়েছে এটি, যেখানে অভিনয় দক্ষতায় নজর কেড়েছিলেন অজয় দেবগণ।
সেই ধারাবাহিকতায় এবার আসছে সিনেমাটির তৃতীয় কিস্তি।এমনটা ঘোষণা করেছেন মালয়ালি সুপারস্টার মোহনলাল, যিনি দৃশ্যম ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র।পরিচালক হিসেবে আগের দু’ পর্বের মতোই এবারও থাকছে জিতু জোসেফ।এর মধ্যে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন মোহনলাল।যেখানে মোহনলালের সঙ্গে রয়েছেন পরিচালক জিতু জোসেফ এবং প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর।এর পর তিনি জানিয়েছেন, দৃশ্যম থ্রি রিলিজ হবে, এটা নিশ্চিত খবর।মোহনলালের ইনস্টাগ্রাম পোস্ট দেখার পর আপ্লুত দর্শকরা।পর্দায় টানটান উত্তেজনার থ্রিলারধর্মী এই ছবি দেখার জন্য যে তারা মুখিয়ে ছিলেন সেটা বেশ স্পষ্টভাবেই বোঝা গেছে।অন্যদিকে দৃশ্যম থ্রি হিন্দিতে মুক্তি পাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।তবে সিনেমাপ্রেমীদের আশা, প্রথম দু’ পর্বের মতো এটিও হিন্দিতে মুক্তি পাবে এবং অজয় দেবগণই থাকবেন মুখ্য চরিত্রে।
উল্লেখ্য, ক্রাইম থ্রিলার দৃশ্যম প্রথম মুক্তি পেয়েছিল ২০১৩ সালে।জিতু জোসেফ শুধুমাত্র এই ছবির পরিচালক নন,এর গল্পও তারই লেখা।মুক্তির পর সিনেমাটি হলে চলেছিল ১৫০ দিনেরও বেশি। সংযুক্ত আরব আমিরশাহীতে এটিই ছিল লংগেস্ট রানিং ফিল্ম।
