
আমেরিকাতে চালকবিহীন ট্রাক এখন আনুষ্ঠানিকভাবে প্রথম দূরপাল্লার পথে নিয়মিত চলাচল শুরু করেছে।ডালাস ও হিউস্টনের মধ্যে চলাচল করছে এই ট্রাক।স্বচালিত প্রযুক্তির ট্রাকে পণ্য সরবরাহ সেবা প্রদানকারী মার্কিন প্রতিষ্ঠান অরোরা ঘোষণা করেছে, তারা টেক্সাসে তাদের প্রথম গ্রাহক উবার ফ্রেইট ও হার্শবাক মোটর লাইনসের অধীন চালকবিহীন ট্রাকের বাণিজ্যিক পরিষেবা চালু করেছে।
প্রতিষ্ঠানগুলো সময় ও তাপ সংবেদনশীল পণ্য সরবরাহ করে।চালকবিহীন ট্রাকে এমন কম্পিউটার ও সেন্সর লাগানো আছে, যা চারটি ফুটবল মাঠের চেয়েও বেশি দীর্ঘ পথ দেখতে পারে। চার বছরের পরীক্ষামূলক পণ্য পরিবহনের সময়, এ প্রযুক্তির মাধ্যমে ১০ হাজারের বেশি পণ্য সরবরাহ করা হয়েছে। কোনো মনুষ্য চালক ছাড়া ১ হাজার ২০০ মাইলের বেশি পথ পাড়ি দিয়েছে স্বচালিত এ প্রযুক্তির ট্রাক।ওই উভয় প্রতিষ্ঠান আগেই অরোরা ড্রাইভার নামে পরিচিত স্বচালিত প্রযুক্তি যাচাই করতে চালকবিহীন ট্রাকের পরীক্ষামূলক যাত্রা শুরু করেছিল। তবে সেখানে সুরক্ষা চালক উপস্থিত ছিলেন। এখন অরোরার নতুন বাণিজ্যিক পরিষেবায় আর কোনো সুরক্ষা চালক থাকবেন না। বলা হয়েছে,স্বচালিত প্রযুক্তির সুবিধা নিরাপদে, দ্রুত ও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অরোরা প্রতিষ্ঠা করা হয়েছে।
এখন সফলভাবে ও নিরাপদে উন্মুক্ত সড়কে চালকবিহীন ট্রাকে পণ্য পরিবহন সেবা বাণিজ্যিকভাবে চালু করা হয়েছে।এদিকে,সাধারণ গ্রাহক ও পরিবহন কর্তারা স্বচালিত যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে, ট্রাকচালকদের প্রতিনিধিত্বকারী শ্রমিক ইউনিয়নগুলো এ প্রযুক্তির বিরোধিতা করেছে। কেননা এটি চাকরি হারানো ও নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি করতে পারে।
