
ভোটের মুখে দাঁতন, বকখালিতে ড্রোন উদ্ধারে রহস্য বাড়ছে। বুধবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ধানজমি এবং বকখালির ফ্রেজারগঞ্জের সমুদ্রতটে ড্রোন উদ্ধার হয়েছে।
দাঁতনের ১ নম্বর ব্লকের শরশঙ্কা সংলগ্ন বকুলতলার কাজুচক এলাকায় ধানজমিতে পড়েছিল ড্রোনটি। দেখতে অনেকটা বিমানের আদলে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তদন্তে পুলিশ জানতে পারে ড্রোনটি ইন্ডিয়ান অয়েলের। সংস্থার পাইপলাইনের কাজ চলছিল। তার নজরদারির জন্যই ওটি ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে পশ্চিম অমরাবতী গ্রামের কার্গিল সি বিচে লাল-হলুদ রংয়ের বিমানের আদলে ড্রোনটিকে পড়ে থাকতে দেখেন মৎস্যজীবীরা। খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ধরণের ড্রোন ভারতীয় নৌবাহিনী, বায়ুসেনার মহড়ায় ব্যবহার করা হয়। প্রতিরক্ষা প্রশিক্ষণে ব্যবহৃত হয়। পাহাড়-সমুদ্ররে একাধিক জায়গায় অপারেশনের ক্ষেত্রেও ওই ড্রোন ব্যবহার করা হয়।
সাগরের এসডিপিও সুমন কান্তি ঘোষ জানিয়েছেন ড্রোনটি ভারতীয় সেনাবাহিনীর প্র্যাকটিস ড্রোন। কোনও কারণে খারপ হয়ে যাওয়ায় সমুদ্র তটে আছড়ে পড়ে।
