
এবার দিল্লিতে ফুটপাথে ঘুমন্ত শিশু সহ ৫ জনকে পিষে দিয়েছে মদ্যপ গাড়ির চালক। দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহারে অভিযুক্ত অডির চালককে গ্রেফতার করেছে পুলিশ। পেশায় ব্যবসায়ি উত্সব শেখ নয়ডা থেকে নিজের গাড়ি করে বাড়ি ফিরছিলেন।
বসন্ত বিহারে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ফুটপাথে ঘুমিয়ে থাকা ৫ জনের ওপর তুলে দেন। এদের মধ্যে একজন শিশু। পুলিশ গিয়ে ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আহতদের চিকিত্সা চলছে। এদের বাড়ি রাজস্থানে। দুর্ঘটনার সময় মুনিরকা ফ্লাইওভারর কাছে শিব ক্যাম্প এলাকায় ঘুমোচ্ছিলেন তাঁরা।
দিনমজুরের কাজ করতে রাজস্থান থেকে দিল্লি এসেছিল পরিবারটি। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি উল্টে যাওয়ার পর উত্সবকে আটক করে পুলিশ। গতবছর মে মাসে দুই তরুণ ইঞ্জিনিয়ারকে পোর্শে দিয়ে পিষে দেওয়ার অভিযোগ উঠেছিল এক কিশোরের বিরুদ্ধে। সেই ঘটনায় উত্তাল হয় মুম্বই।
